২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘ডিজিটাল’ করার উদ্যোগ

সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধিনস্ত সব প্রতিষ্ঠানের কাজ ডিজিটালাইজড করতে দুটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধিনস্ত সব প্রতিষ্ঠানের কাজ ডিজিটালাইজড করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধিনস্ত অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম ডিজিটালাইজড করার জন্য একটি স্টিয়ারিং এবং একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।” স্টিয়ারিং কমিটির প্রধান হিসেবে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রী নিজেই। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদকে এ কমিটির সদস্য সচিব করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং মন্ত্রণালয়ের অধিনস্ত সব বিভাগের প্রধানদের এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে বাস্তবায়ন কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদকে। সংশ্লিষ্ট সব বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তারা এ কমিটির সদস্য হিসেবে থাকবেন। মন্ত্রী বলেন, “মন্ত্রণালয় এবং এর অধিনস্ত বিভিন্ন অধিদপ্তরকে কীভাবে ডিজিটালাইজড করা হবে সে বিষয়ে কামাল উদ্দিন একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। এসব বিষয়ে সভায় আলোচনা ও পর্যালোচনা করে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই এ দুটি কমিটি করা হয়েছে।” এ কমিটি তিন মাসের মধ্যে কাজ এগিয়ে নেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যেই বাস্তবায়নের কাজ শুরু হবে।” আর আগামী চার বছরে চারটি পর্বে পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে কামাল উদ্দিন জানান। তিনি বলেন, ডিজিটালাইজড কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রত্যেক বিভাগ তাদের প্রয়োজন অনুযায়ী কমিটির কাছে হার্ডঅয়্যার ও সফটঅয়্যারের চাহিদা দেবে। এরপর সব কাজকেই কম্পিউটারাইজড করা হবে। এ জন্য চাহিদা অনুযায়ী সফটঅয়্যার বানানো হবে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে বিভিন্ন দপ্তরে কাজে আর কাগজ ব্যবহারের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন কামাল উদ্দিন। তিনি বলেন, এতে করে বিভিন্ন কাজে জনগণকে আর মন্ত্রণালয়মুখী হতে হবে না। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি বোতাম চেপেই ফাইলের অবস্থান জেনে তাৎক্ষণিক নির্দেশনা দিতে পারবেন। অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব, বিজিবি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও কারা মহাপরিদর্শক এ সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৫৩৩ ঘ.