ঢাকা, জানুয়ারি ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রোড মার্চ করা বিএনপির জন্য বুমেরাং হবে বলে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, “রোড মার্চ করে কোনো লাভ হবে না। বরং এর মধ্য দিয়ে বিরোধী দল গণভিত্তি হারাবে। তাদের জনপ্রিয়তায় ভাট পড়বে।”
চট্টগ্রাম অভিমুখে খালেদা জিয়ার রোড মার্চ শুরুর আগের দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী আইনজীবী পরিষদএবং জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত সভায় আমু একথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক এবং সাংবাদিক এ এইচ আলমগীরের স্মরণে এই সভা হয়।
সহকর্মী রাজ্জাককে স্মরণ করে আমু বলেন, “রাজ্জাকের রাজনীতির শেষ কথা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ, লক্ষ্য নিয়েই তিনি আজীবন কাজ করেছেন। তার অনুপস্থিতি সবসময় আমাদের মধ্যে বেদনা তৈরি করবে।”
একজন প্রগতিশীল, গণতন্ত্রমনা সাংবাদিক হিসেবে আলমগীরের অভাবও অনুভবের কথা জানান আওয়ামী লীগের এই নেতা।
আলমগীর ‘আজকের সূর্যোদয়’ এর নির্বাহী সম্পাদক ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর মারা যান তিনি।
স্মরণ সভায় দুই ব্যক্তির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/০০৩১ ঘ.
bdnews24