গাজীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা জোরদারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার সকালে টঙ্গীতে এক পর্যালোচনা সভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টঙ্গী ও ইজতেমাস্থলে কোনো বিশৃঙ্খলাকারীকে ঢুকতে না দেওয়ার ব্যবস্থা নিতে বলেন।
টঙ্গী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে পর্যালোচনা সভার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাহারা খাতুন বলেন, “হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বাংলাদেশে হওয়ায় আমরা গর্বিত। তাই ইজতেমায় দেশ-বিদেশের মুসল্লিদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরাগের পশ্চিমপাশে রাজউকের যে ১৯ বিঘা জমি রয়েছে তা ইজতেমা ময়দানের জন্য সংরক্ষণের ব্যাপারে রাজউককে অনুরোধ জানানো হবে। ইজতেমা ময়দানকে ধীরে ধীরে আরো সুন্দর করে গড়ে তোলা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) মো. জাবেদ পাটোয়ারী, জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান ও গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন।
স্বাস্থ্যকর্মীদের ছুটি স্থগিত
গাজীপুরের সিভিল সার্জন হাবিব উল্লাহ বলেন, ইজতেমা চলাকালে গাজীপুরে কর্মরত সব সরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি স্থগিত করা হয়েছে।
এ সময় খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবে না।
তিনি আরো বলেন, আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ইজতেমা ময়দানে স্থাপিত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও টঙ্গী হাসপাতালে দায়িত্ব পালন করবেন চিকিৎসকগণ।
মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা দিতে মন্নু গেইট, এটলাস গেইট, বাটা কারাখানা গেইটেসহ চারটি স্থানে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।
প্রথম পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১৩ই থেকে ১৫ জানুয়ারি। দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৮ ঘ.
bdnews24