চাঁদপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবৈধভাবে নির্মাণাধীন একটি ইটভাটার কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে কোন্ডা এলাকায় ‘এইচএসবি’ নামে ওই ইটভাটার কাজ বন্ধ করা হয় বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া সাংবাদিকদের জানান, এক মাস ধরে ইটভাটাটির নির্মাণ কাজ চলছিল। অনুমতি না থাকায় শুরুতেই এটি বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু মালিকপক্ষ নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, প্রয়োজনীয় কাগজপত্রের অনুমোদন শেষে আবার নির্মাণ কাজ শুরু করতে পারবে মালিকপক্ষ।
ইটভাটার মালিক মাসুম হাসান ফয়সাল সাংবাদিকদের বলেন, ইটভাটার সবকিছু এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২২ ঘ.
bdnews24