২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনিক্ষতিগ্রস্তদের অনশন চলছে

বিনা হয়রানিতে ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

দিনাজপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা হয়রানিতে ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্তরা মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন। সোমবার সকাল ১২টা থেকে বড়–পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে ১০ দফা দাবিতে প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত তিন দিনের এই কর্মসূচি শুরু করে। খনি এলাকার ১০টি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে এই কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের মূল দাবি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে হয়রানি বন্ধ করে দ্রুত টাকা দেওয়া এবং খনির কারণে ভূমিহীনদের সঠিক তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া। জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারবার তাগিদ দেওয়া হলেও আমাদের ন্যায্য পাওনা প্রদান না করায় আমরা এ অনশন কর্মসূচি পালন করছি। প্রয়োজনে এই অনশন কর্মসূচি আমরণও হতে পারে।” অনশনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ক্ষতিপূরণের বকেয়া ৬০ ভাগ টাকা দ্রুত প্রদান, ক্ষতিপূরণের ১৯১ কোটি টাকার ওপর ব্যাংকে অর্জিত সুদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন, গত আমন-বোরো ফসলের ক্ষতিপূরণ, প্রতিশ্র“তি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পেট্রোবাংলায় কর্মসংস্থান ও হয়রানিকারী সার্ভেয়ারদের শাস্তি প্রদান। বড় পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশপাশের এলাকায় ছাইয়ের সৃষ্টি হয়, ভূমিতে দেখা দেয় ফাটল। এরপর সরকার ওই এলাকার মানুষকে ক্ষতিপূরণ দিয়ে অন্য স্থানে সরানোর সিদ্ধান্ত নেয়। ক্ষতিগ্রস্তদের জন্য ২০১০ সালের ৯ নভেম্বর একনেক’র বৈঠকে ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১২ ঘ.