মুন্সীগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার রাত পৌন ১১টা থেকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় উভয়পাড়ে অনেক যানবাহন আটকা পড়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এজিএম মো. আশিকুজ্জামান জানান, পদ্মা নদীতে কুয়াশা এতই ঘন যে ২/৪ হাত দূরের জিনিসও দেখা যায় না। তাই কাড়ওকান্দিগামী ফেরি করবী ও যমুনা এবং মাওয়াগামী রানীক্ষেতসহ ৬টি ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়।
এছাড়া মাওয়াঘাটে রো রো ফেরি ভাষা শহীদ বরকত ও রানীগঞ্জ যানবহন লোড করেও কুয়াশার কারণে রওনা হতে পারছে না।
সহকারী ম্যানেজার আব্দুস ছোবহান জানান, মাঝ পদ্মায় নোঙর করা ফেরিগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশকে জানানো হয়েছে।
তিনি বলেন, কনকনে শীতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24