সাভার, জানুয়ারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝামেলা এড়াতে ডাকাতির মামলা নেওয়া হয় না বলে জানিয়েছেন সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান।
রোববার রাতে সাভারে তিনটি বাড়িতে ডাকাতি হয়। কিন্তু পুলিশ কোনো মামলা নেয়নি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তা এ কথা বলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির মামলা নিয়ে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। তাই ঝামেলা এড়াতে যতদূর সম্ভব মামলা নেওয়া হয় না।”
রোববার রাতে সাভারে তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এদের মধ্যে নামা গেন্ডা এলাকায় নুরুল ইসলাম এবং সাদুল্ল্যাপুরের রসুল মিয়া ও ওমর আলীর বাড়িতে ডাকাতি হয়।
ডাকাতের হামলায় আহত হয়েছে অন্তত আটজন। তিন বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ১৫/২০ জন মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে কলাপসিবল ও মেইন গেইটের তালা কেটে দু’টি দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে।
এরপর আলমারি ভেঙে নগদ ছয় হাজার টাকা ও তিন ভরি স্বর্ণের গহনা এবং মোবাইল ফোন সেটসহ দুই লাখেরও বেশি টাকার মালামাল লুট করে।
“এ সময় বাড়ির ভাড়াটিয়া মান্নান, শফিকুল ইসলাম ও আবু জোবায়েদ এগিয়ে এলে ডাকাতরা তাদের বেধড়ক মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা ফাকাগুলি করে পালিয়ে যায়,” বলেন তিনি।
আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেন তিনি।
মামলা করতে গেলে সাভার থানা পুলিশ তার অভিযোগ নেয়নি বলে জানান তিনি।
ব্যবসায়ী রসুল মিয়া জানান, রাত আড়াইটার দিকে ১০/১৫ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণের গহনা, নগদ আট হাজার টাকা এবং মোবাইল ফোন সেটসহ ১০ লাখেরও বেশি টাকার মালামাল লুটে নেয়।
থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
ব্যবসায়ী ওমর আলী জানান, গভীর রাতে ডাকাতরা তার বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে ঢুকে আলমারি থেকে চার ভরি স্বর্ণালংকার, নগদ সাত হাজার টাকা এবং মোবাইল ফোন সেটসহ তিন লাখেরও বেশি টাকাার মালামাল লুটে নেয়।
এ সময় চিৎকার চেচাঁমেচি করলে ডাকাতরা তাদের মারধর করে ট্রলার নিয়ে পালিয়ে যায়।
সাভার থানা পুলিশ তার মামলাও নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৪০ ঘ.
bdnews24