ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সা¤প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর নিউ ইর্য়কে যান শেখ হাসিনা। অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও এই সফরে তিনি বিভিন্ন সেমিনার ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
জাতিসংঘ অধিবেশনে 'শান্তি-কেন্দ্রিক উন্নয়নের' এক নতুন মডেল উপস্থাপন করে প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি।
এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর কানেক্টিকাটে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পেশাজীবীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যের শেষে শেখ হাসিনা বলেন, তিনি জানতেন না যে এভাবে সবাই তাকে সংবর্ধনা জানাতে আসবে। তিনি সবাইকে গণভবনে চায়ের নিমন্ত্রণ দেন।
এর আগে ২০১০ এর জানুয়ারিতে ভারত এবং একই বছর নভেম্বরে রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফর থেকে ফিরেও সংবাদ সম্মেলন করে নিজের অভিজ্ঞতা ও অর্জনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩১২ ঘ.
bdnews24