২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় গৃহবধূ নির্যাতনে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের অবকাশকালীন বেঞ্চ এই রুল দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে পটুয়াখালী জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট ও গলাচিপার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এর জবাব দিতে বলা হয়েছে। অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে আদালত। দৈনিক জনকণ্ঠে প্রকাশিত 'গলাচিপায় সালিশের নামে গৃহবধূকে জুতোপেটা' শীর্ষক সংবাদ নজরে আনলে আদালত বুধবার এই রুল জারি করে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। জনকণ্ঠের ওই প্রতিবেদনে বলা হয়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামে সালিশের নামে দুই সন্তানের জননী এক গৃহবধূকে কয়েক শ' মানুষের উপস্থিতিতে জুতোপেটা করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সালিশে ওই গৃহবধূর পাশের বাড়ির এক যুবককেও জুতোপেটা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাইউম খানের নেতৃত্বে এ সালিশ বৈঠকের আয়োজন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/২২৩১ ঘ.