২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরে মৃত্যু: পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

পিটিয়ে হত্যার অভিযোগে বাগেরহাটে দুই পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিটিয়ে হত্যার অভিযোগে বাগেরহাটে দুই পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে। রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামের নজরুল ইসলাম পঞ্চায়েতকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন তার স্ত্রী নাসিমা বেগম। বুধবার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারক বিভাগীয় হাকিম মো. রাকিবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক মামলাটি নথিভুক্ত করে আগামী ৫ অক্টোবরের মধ্যে ঘটনা সম্পর্কে আদালতে লিখিত বক্তব্য উপস্থাপনের আদেশ দেন রামপাল থানার ওসিকে। অভিযুক্তরা হলেন রামপাল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা, কনস্টেবল ইলিয়াস, নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সাফায়ারা বেগম, উপজেলার শ্রীফলতলা গুচ্ছগ্রামের আব্বাস আলী শেখ ও আব্দুল হামিদ শেখ। মামলায় আব্বাসকে রামপাল থানার মাঝি এবং হামিদ শেখকে থানার রাইটার হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুলের ভাই সফরুলের বিরুদ্ধে তার স্ত্রী সাফায়ারার একটি অভিযোগ পেয়ে কনস্টেবল ইলিয়াস ও আব্বাস আলী শেখ সফরুলকে ধরতে গত ২৪ সেপ্টেম্বর তাদের বাড়ি যায়। সফরুলকে না পেয়ে তারা বাদীর স্বামী নজরুল ইসলাম পঞ্চায়েতকে ধরে মারধর করে এবং থানায় নিয়ে যায়। থানায় নিয়ে উপ-পরিদর্শক মাসুদ রানাসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে নজরুলকে আবারো মারধর করে। এতে নজরুল অসুস্থ হলে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই হাসপাতালে নজরুল মারা যান। রামপাল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুলের মৃত্যুর বিষয়ে আদালতের কোনো নির্দেশনা এখনো থানায় আসেনি। নির্দেশনা হাতে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.