ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় দুই জেএমবি সদস্যের ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বুধবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রাসেল (৩০) ও ফজলুর রহমান (৩২)। রায়ে সুলতান (৩০) নামে এক জনকে খালাস দেওয়া হয়।
রায়ের বিবরণে বলা হয়, ২০০৯ সালের ১১ এপ্রিল তারিখে রাত পৌনে ১১টায় মুক্তাগাছার কেশবপুর চেচুয়া বাজার এলাকায় স্থানীয় লোকজন অস্ত্রসহ তাদের ধরে ফেলে। পরে পুলিশ তাদের কাছ থেকে দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা উদ্ধার করেন।
পরের দিন মুক্তাগাছা থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন উপপরিদর্শক আবু তালেব।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৭ জনের মধ্যে আট জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮৩২ ঘ.
bdnews24