মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় তিনতলা ভবন থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. ঈমান আলী (৮) উপজেলার মিতরা গ্রামের আবু হোরায়রা (রা.) এবতেদায়ী মাদ্রাসায় শিশু শ্রেণীতে পড়তো।
সে দৌলতপুর উপজেলার পাঁচতুরি গ্রামের মো. জয়নুদ্দিনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে ঈমান আলী লেখাপড়া করতো।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদ্রাসা ভবনের তিনতলা থেকে নিচে পড়ে গেলে একটি মেহগনী গাছের ডালে আটকে যায়। এরপর উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্মকতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24