ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় তিনটি পথে পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিলো।
এর ফলে ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-ভৈবর ও ময়মনসিংহ-ঝারিয়া রেল পথে প্রায় পাঁচ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।
রেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের পাশে কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে তিনটি পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ জংশন রেল স্টেশনের ট্রাফিক পরিদর্শক (টিআইসি) মো. হামিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী লোকাল ট্রেনটির একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে।
কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। পরে বিকাল ৫টার দিকে ওই তিনটি পথে রেল যোগাযোগ পুনরায় শুরু হয় বলে জানান টিআইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০৯ ঘ.
bdnews24