ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনার আশ্বাসের পর 'আপাতত' আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা এসব দাবিতে সোমবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-ভাঙচুর করার পর দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা বসে।
ওই সভার পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে গুলিস্তানের ইমপেরিয়াল হোটেলে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন। এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছে।"
এই আন্দোলনে সক্রিয় থাকা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, "আমরা আপাতত কর্মসূচি স্থগিত রাখছি। তবে কাল আলোচনায় আশাব্যাঞ্জক কিছু পাওয়া না গেলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হবে।"
মতবিনিময় সভার পর এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন বলেন, "আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, তাড়াতাড়িই আইনটি সাংশোধন করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এবং বদিউজ্জামান সোহাগও এই মত বিনিময়ে অংশ নেন।
এর আগে সকালে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পৌনে ৯টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রাজধানীর রায়সাহেব বাজার-নয়াবাজার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ যায়। ধোলাই খাল সংযোগ সড়ক ও ঢাকা-দোহার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
সোয়া ১০টার দিকে পুলিশ লাঠি নিয়ে অবরোধকারীদের ওপর চড়াও হলে ছাত্রছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধলে ইটের আঘাতে নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
বিক্ষোভকারীরা সরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে আবার স্বাভাবিক যান চলাচল শুরু হয় ওই সড়কে।
এ সময় ২৪ জনকে আটক করা হয় বলে কতোয়ালী থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সড়ক থেকে সরে গিয়ে এরপর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয়। ছাত্রলীগ কর্মীরাও এ সময় আইনটি বদলের দাবিতে মিছিল করে। পরে ছাত্রলীগ সভাপতি সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সবাইকে বুঝিয়ে আলোচনায় বসান।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে।
শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- আইনের ২৭ (৪) ধারা বাতিল, বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি।
এসব দাবিতে রোববারও রাজপথে এসে বিক্ষোভ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওইদিন তারা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে হঠিয়ে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
সরকারদলীয় সংসদ সদস্য মোসলেমউদ্দিন আহমেদ ওই সময় শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের দাবির প্রতি সমমর্মিতা দেখিয়েছেন। অবশ্য ভাংচুরের সমালোচনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭১৬ ঘ.
bdnews24