সিলেট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক আর নেই। শুক্রবার দুপুরে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এনামুল হকের বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
এনামুল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেন।
সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগের আহ্বায়ক ইনামুল ১৯৭৯ সালে ও ১৯৮৬ সালে সিলেট-২ আসন (বিশ্বনাথ-বালাগঞ্জ) থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ইনামুল হকের ছোট ভাই এহতেশামুল হক চৌধুরী দুলাল সাংবাদিকদের জানান, গত এক সপ্তাহ অসুস্থ হয়ে পড়লে নগরীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় এনামুলকে। শুক্রবার বেলা দেড়টায় তার মৃত্যু হয়।
শনিবার বাদ জোহর হজরত শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে এনামুলের জানাজা হবে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
মুক্তিযোদ্ধা এনামুলের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা গভীর শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৭ ঘ.
bdnews24