ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরের এক বস্তিতে এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।
রোববার বিকালে আদাবর ১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়াকুব ম্যানেজারের বস্তিতে এই ঘটনার পর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়।
শিশুটির বাবা রং মিস্ত্রি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রী এবং এক শিশুপুত্র ও এক শিশুকন্যাকে নিয়ে বস্তির একটি ঘরে ভাড়া থাকেন তিনি। পাশের ঘরে রিকশাচালক জামাল তার স্ত্রীকে নিয়ে থাকে।
কালাম জানান, রোববার বিকালে জামাল তার ছেলেকে ডাক দিয়ে দোকান থেকে একটি সিগারেট আনতে বলে। এ সময় জামালের স্ত্রী বাসায় ছিল না। সিগারেট আনার পর জামাল দরজা লাগিয়ে তার ছেলের মুখে কাপড় গুজে পাশবিক নির্যাতন চালায়।
"বিষয়টি সমবয়সী কয়েকজন শিশু জানতে পেরে আমার স্ত্রীকে ডাক দেয়। সে আসার পরপরই জামাল দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়", বলেন কালাম।
এরপরেই বস্তির 'ম্যানেজার' ইয়াকুবকে জানানো হলে তিনি বিচার করে দেবেন বলে আশ্বস্থ করেন। কিন্তু ইয়াকুব কোনো ব্যবস্থা না নেওয়ায় সোমবার রাতে আদাবর থানা পুলিশের কাছে যান কালাম।
তিনি বলেন, থানায় যাওয়ার পর শিশুটিকে নিয়ে পুলিশ হাসপাতালে যেতে বলে। তারই প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়। সকালে বাসায় এই বিষয় নিয়ে কথা ওঠার সঙ্গে সঙ্গে ইয়াকুব তাকে মারধর করে।
এ ব্যাপারে আদাবর থানার উপপরিদর্শক মহসীনুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জামালের নাম ঠিকানা জানতে ইয়াকুবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে জামালকে গ্রেপ্তারে তার সহযোগিতা চাওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে রিকশাচালক জামাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২০১৫ ঘ.
bdnews24