বরগুনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল আসামিদের না ধরে বাদীর স্বজনদের হয়রানি করার অভিযোগ উঠেছে বরগুনার আমতলী থানা পুলিশের বিরুদ্ধে।
শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এ অভিযোগ করেন আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের প্রয়াত আবদুল গফুর প্যাদার স্বজনরা।
গত ৪ সেপ্টেম্বর রাতে আবদুল গফুর প্যাদার মেয়ে তহমিনা (১৪) খুন হয়।
এ ঘটনায় পুলিশ তাহমিনার মা নূরজাহান বেগমকে দিয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করায়। তবে মামলায় কী লেখা আছে তা নূরজাহান বেগম জানেন না।
নূরজাহান বেগমের দাবি, এলাকার জাফর হাওলাদার, কবির হাওলাদার, খবির হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, মজিদ, জুয়েল ও হারুন তার মেয়েকে খুন করেছে।
নূরজাহান বেগম সংবাদ সম্মেলনে জানান, স্বামীর মৃত্যুর পর মেয়ে তহমিনা (১৪) ও ছেলে নাঈমকে (১১) নিয়ে মানুষের বাসায় কাজকর্ম ও ভিক্ষা করে তার সংসার চলছে।
তার বাবার বাড়ির জমি নিয়ে স্থানীয় কাসেম হাওলাদারের ছেলেদের সঙ্গে তাদের বিরোধ চলছে।
তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর (রোববার) রাতে নূরজাহান ছেলে-মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে তার মেয়েকে জাফর হাওলাদারের নেতৃত্বে দুর্বৃত্তরা ঘর থেকে তুলে নিয়ে শ্বসরোধ করে হত্যা করে।
নূরজাহান বেগম জানান, পরদিন সকালে পুলিশ তার টিপসই নিয়ে হত্যা মামলা দায়ের করেছে। তবে মামলার কপিতে কী লেখা হয়েছে তা তিনি জানেন না।
বরগুনা প্রেসক্লাবে তিনি সাংবাদিকদের আরো জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার না করে তার ভাই আবদুল হাই মাতুব্বরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে নির্যাতন চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে নূরজাহানের ছেলে নাঈম জানায়, ঘটনার পরদিন (সোমবার) পুলিশ তাকে থানায় নিয়ে আধঘণ্টা মারধর করেছে। ওই সময় তাকে পানিও খেতে দেয়নি পুলিশ। মারধরে তার গায়ের জামাটি ছিঁড়ে গেলে পুলিশ একটি নতুন জামা কিনে দেয়।
এ ব্যাপারে আমতলী থানার ওসি বাবুল আখতার নাইমকে নির্যাতনের কথা অস্বীকার করে জানান, তারা হত্যারহস্য উদঘটনের জন্য আবদুল হাইকে গ্রেপ্তার করেছেন।
"পুলিশের ধারণা জমি নিয়ে যাদের সঙ্গে বিরোধ আছে তাদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে কিশোরী তহমিনাকে হত্যা করা হয়েছে," বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24