গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট'র (ব্রি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদ্ভিদ প্রজননবিদ ড. এ কে জি মো. এনামুল হক।
শনিবার সকালে তিনি এ পদে যোগ দেন বলে ব্রি'র জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম জানান।
এ পদে যোগদানের আগে এনামুল হক এ ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে সম্মানসহ বিএসসি এবং ১৯৭৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে ব্রি'র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন।
১৯৮৫ সালে ফিলিপাইনের সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে উদ্ভিদ প্রজনন ও জেনেটিক্স বিষয়ে পিএইচডি করেন।
দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. এনামুল হক ১৯৫২ সালে বরিশালের বানারিপাড়া উপজেলার জবেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24