২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস ইউএইর

বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি অভিবাসন ঋণ প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি অভিবাসন ঋণ প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের প্রতিনিধিদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। এই বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ছিলেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি মুবারক আল দাহিরি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে বিস্তারিত জানান তারা। আগামী বছর ফিলিপাইনে অনুষ্ঠেয় জনশক্তি আমদানিকারক দেশগুলোর সম্মেলন 'আবুধাবি ডায়লগ' সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে মুবারক আল দাহিরির নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। গত ৮ সেপ্টেম্বর তারা বাংলাদেশে আসেন। বৈঠক শেষে জাফর আহমেদ খান বলেন, অতিরিক্ত অভিবাসন ব্যয় বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। এই ব্যয় কমানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউএই এ ব্যয় কমানো এবং স্বল্প-ব্যয়ে ব্যাংক থেকে অভিবাসন সংক্রান্ত ঋণের ব্যবস্থা করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। "এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান তাদের সামনে তুলে ধরা হয়েছে। অভিবাসন খাতকে সহায়তা করতে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন এবং এই ব্যাংক থেকে স্বল্পসুদে ঋণ দেওয়ার বিষয়েও তাদের জানানো হয়েছে। তারাও এ ব্যাপারে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।" এছাড়াও শ্রম বাজার স¤প্রসারণ, বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের ন্যায্য মজুরি ও কল্যাণ নিশ্চিত করা; দূতাবাসের মাধ্যমে কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তদারকি কার্যক্রম জোরদার করা; প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে আইনের পরিবর্তন করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, "নতুন শ্রমবাজার স¤প্রসারণের পাশাপাশি আমরা ন্যূনতম মজুরিতে বিভিন্ন দেশের গৃহকর্মে নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। গাড়িচালক, পরিচারক বা পরিচারিকা, মালি এবং পরিচ্ছন্নতা কর্মীরা অত্যন্ত কম মজুরিতে বিদেশে কাজ করে। তাদের মজুরিসহ সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।" সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার শিগগিরই স¤প্রসারণের সম্ভবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে জাফর আহমেদ বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কর্মী পাঠানোর পাশাপাশি তাদের কল্যাণের দিকে বিশেষ নজর দিচ্ছি। দুই দেশের মধ্যে আলোচনা করেই এ সমস্যার সমাধান করতে হবে। ইউএই প্রতিনিধি দলের প্রধান মুবারক আল দাহিরি বলেন, "দ্বিপক্ষীয় এ বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং স্বল্প-ব্যয়ে অভিবাসন ঋণ দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।" সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেহ জালামি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক আরিজ আল গুর্জ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাশা সালেহ। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব ছাড়াও বাংলাদেশের পক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সফিউর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ এবং মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুন নাহার, আসাদুল হক ও নূরুল ইসলাম অংশ নেন। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আরো একটি বৈঠক শেষে ইউএই প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৫২ ঘ.