২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচার হওয়া দুই কিশোর ফেরত

ভারতে পাচার হওয়া দুই কিশোরকে শুক্রবার যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

বেনাপোল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচার হওয়া দুই কিশোরকে শুক্রবার যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় এ হস্তান্তরের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের পোর্ট থানায় সোপর্দ করেছে। এরপর পোর্ট থানা পুলিশ তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করে। এরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সুতালড়ী গ্রামের মহিদুল ব্যাপারীর ছেলে আলাউদ্দীন (১৪) ও জাফর ব্যাপারীর ছেলে তুহিন (১৬)। ভালো কাজের লোভ দেখিয়ে পাঁচ মাস আগে তাদের ভারতে পাচার করা হয় বলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নেতারা জানান। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের সিডিও আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিল্লি রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরির সময় রেলওয়ে পুলিশ তাদের আটক করে। পরে দিল্লির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে দিল্লি রেলওয়ে প্রয়াস প্রজেক্টের সহায়তায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি দু'দেশের মধ্যে সরকারি পর্যায়ে পত্র যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। বেনাপোল পোর্ট থানার পরিদর্শক শামীম মুসা জানান, ফেরত আসা দুই কিশোরকে শুক্রবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের সিডিও আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.