২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত রায়ের পরিবারের সাক্ষাৎ

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সঙ্গীতশিল্পী অজিত রায়ের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সঙ্গীতশিল্পী অজিত রায়ের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অজিত রায়ের স্ত্রী বুলা রায়সহ ছেলে, মেয়ে ও জামাতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবনে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামে অজিত রায়ের অবদানের কথা স্মরণ করেন এবং এ সঙ্গীত শিল্পীর গাওয়া বিভিন্ন রবীন্দ্র সঙ্গীতের স্মৃতি চারণ করেন। এ সময় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন। বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান অজিত রায়। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন করে পোস্তগোলা শ্মশানে তাকে দাহ করা হয়। স্বাধীনতা পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা অজিত রায় ১৯৩৮ সালের ২৯শে জুন রংপুর শহরে জন্মগ্রহণ করেন৷ ১৯৬৩ সালে বেতারে এবং পরে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তার কণ্ঠের কবিতা আবৃত্তি ও সংগ্রামী গান স্বাধীনতাকামী জনতাকে উজ্জীবিত করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বেতারে যোগ দেন অজিত। সেখান থেকে অবসরে যান ১৯৯৫ সালে। এছাড়া বিভিন্ন সময়ে বুলবুল ললিতকলা একডেমী, ছায়ানট, সংগীত মহাবিদ্যালয় ও উদীচিতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন এই নিবেদিতপ্রাণ শিল্পী। সরকার ২০০০ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০৩৩ ঘ.