ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইকিলিকসের প্রকাশ করা কূটনৈতিক নথি বর্তমান সরকারের দুর্নীতির প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "আওয়ামী লীগ সবসময় দূর্নীতির দায়ে বিএনপিকে অভিযুক্ত করতো। আজ উইকিলিকসের প্রকাশিত নথিতে সারা বিশ্ব জেনে গেছে আপনাদের (বর্তমান সরকার) দুর্নীতির কথা।"
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে কানাডীয় এক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গও উল্লেখ করেন মির্জা ফখরুল।
গত ৩০ অগাস্ট উইকিলিকসে প্রকাশিত ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির এক তারবার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণের দায়িত্ব এমন এক মন্ত্রীর [যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন] কাঁধে, যার সততা প্রশ্নবিদ্ধ। দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে 'বাঁচাও বাংলাদেশ, বাঁচাও তারেক' নামে একটি সংগঠনের উদ্যোগে 'শাবাস তারেক রহমান' গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে এই আলোচনা সভা হয়। ৮০ পৃষ্ঠার এই গ্রন্থের লেখক আতিকুর রহমান রুমন। তারেক রহমানের রাজনৈতিক জীবন ও ১/১১ এর ঘটনা প্রবাহ নিয়ে গ্রন্থের পটভূমি রচিত হয়েছে। শিকড় প্রকাশনা এই গ্রন্থটি প্রকাশ করেছে।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে এসএনসি-লাভালিন গ্রপ নামের এক প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য 'দুর্নীতি' কানাডা তদন্ত করছে বলে শনিবার খবর প্রকাশ করেছে রয়টার্স।
মির্জা ফখরুল বলেন, "সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতিকে বৈধতা দিতে সংসদে আইন পাস করেছে। আওয়ামী লীগ সরকারের এরকম দুর্নীতি এটাই প্রথম নয়। তারা যখনই ক্ষমতায় ছিলো দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। ১৯৯৬ সালে তাদের শাসনামলে দূর্নীতির কারণে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত প্রথম দেশ হিসেবে অপবাদ পেয়েছিলো।"
আগামী নির্বাচনে হেরে যাবে বলেই বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন জনগণ অতীতেও মেনে নেয়নি। আগামীতেও মেনে নেবে না। ৮৬ সালের জাতীয় বেঈমান হয়ে এক তরফা নির্বাচন করে যে সংসদ গঠিত হয়েছিলো- তার মেয়াদ ছিলো মাত্র ১৬ মাস। এবার তার পুনরাবৃত্তি হলে সেই সংসদ ১৬ দিনও টিকবে না।"
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা সংশ্লিষ্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমূল বিশ্বাস, চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও লেখক আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১৮ ঘ.
bdnews24