২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহম্মেদের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চান মিজানুর

আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এম ইউ আহমদের জানাজায় অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি তদন্ত হওয়া দরকার। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানাচ্ছি।" "যদি এ সব তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্য না হয়, তাহলে কমিশন নিজের উদ্যোগে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবে," যোগ করেন তিনি। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই বিএনপি সমর্থক আইনজীবী। তার স্ত্রীর অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল। মিজানুর বলেন, যদি তার মৃত্যু পুলিশের নির্যাতনে হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। "সর্বোচ্চ আদালতের একজন আইনজীবীর যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?" বলেন মিজান। নির্যাতনের কারণে কোনো নাগরিক বা ব্যক্তির মৃত্যু হলে তা অবশ্যই 'উদ্বেগের' উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "আর তা যদি হয় পুলিশের হেফাজতে। তাহলে তা আরো বেশি উদ্বেগের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭২৮ ঘ.