২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর 'চাঁদাবাজ' পুলিশ সদস্যরা রিমান্ডে

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রাজশাহীর মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ আট পুলিশ সদস্যকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

রাজশাহী, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রাজশাহীর মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ আট পুলিশ সদস্যকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সহকারী কমিশনার তৌফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যদের মঙ্গলবার রাজশাহী বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করে পুলিশ। এতে সাড়া দেন বিচারক এসএম মেসবাউল হক। তবে সাত দিনের পরিবর্তে তিন দিন হেফাজতের নির্দেশ দেন তিনি। অন্য সাত পুলিশ সদস্য হলেন- রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোস্তফা, আখতার হোসেন, ইসলাম হোসেন ও সবুজ মিয়া। রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, দুপুরে আদালতের আদেশের পর জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে বিকালে রাজপাড়া থানায় আনা হয়েছে। বুধবার রাতে নগরের ঝাউতলা এলাকার চিকিৎসক এআর বসুনিয়ার বাড়ি থেকে এ পুলিশ সদস্যরা ৯০ হাজার টাকা চাঁদা নেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রকাশ হলে ওই পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার পর বসুনিয়া রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শককেও (ডিআইজি) জানান তিনি। এরপর অভিযোগ তদন্তে পুলিশ একটি কমিটি করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মহানগর পুলিশ কমিশনার এম ওবাইদুল্লাহর নির্দেশে বসুনিয়ার অভিযোগটি রোববার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.