ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিরা নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।
মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর আমরা পাইনি।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ হাজার বাংলাদেশি এখনো লিবিয়ায় অবস্থান করছেন।
গত ফেব্র"য়ারিতে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই শুরুর পর প্রতিবেশী দেশ মিশর ও তিউনিসিয়া হয়ে প্রায় ৩৭ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ কাজে বাংলাদেশ সরকারকে সহযোগিতা দেয়।
রাষ্ট্রদূত মিজানুর বলেন, "আমরা লিবিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি আমরা। এ জন্য মিশর ও তিউনিশিয়ায় পর্যাপ্ত লোকবলও আমাদের রয়েছে।"
তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া গেলে বাংলাদেশি কর্মীদের লিবিয়াতেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন মিজানুর রহমান।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিবিয়ায় বসবাসরত বিদেশিদের আবাধে চলাফেরা না করতে এবং নিরাপদ অবস্থানে থাকতে বলেছে সে দেশের কর্তৃপক্ষ।
ন্যাটো বাহিনীর সমর্থন নিয়ে লিবীয় বিদ্রোহীরা মঙ্গলবার মুয়াম্মার গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়ার ভেতরে ঢুকে পড়ে। রাজধানী ত্রিপোলির বেশির ভাগ অংশও এখন তাদের নিয়ন্ত্রণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩৩২ ঘ.
bdnews24