সিরাজগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ সিরাজগঞ্জের শাহজাদপুরে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত হালিম (২৯) শাহজাদপুর পৌর শহরের শেরখালী এলাকার নইদা শেখের ছেলে। চুরি করার চেষ্টার সময় তিনি গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার খুকনির দরগার চরে শনিবার ভোররাতে গণপিটুনির শিকার হন হালিম।
শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোররাতে সেহরি খাওয়ার সময় হালিম খুকনী দরগার চর এলাকার একটি দোকানে চুরি করতে যায়। ওই সময় কয়েকজন জেলে টের পেয়ে 'চোর, চোর' বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে আটক করে মারধর করে।"
পিটুনির পরে স্থানীয় কয়েকজন হালিমকে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ সেখানে মৃত অবস্থায় হালিমের লাশ পায়।
জসিম বলেন, নিহত হালিম এলাকার পেশাদার চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন।
স¤প্রতি দেশে গণপিটুনির বেশ কয়েকটি ঘটনা ঘটে, যা নিয়ে সমালোচনা হচ্ছে। ঢাকার আমিনবাজারে ছয় ছাত্র ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে এক জন নিহত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আইন হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানান। তবে তার মধ্যেই সিরাজগঞ্জের এ ঘটনা ঘটলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৪ ঘ.
bdnews24