নোয়াখালী, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জে মাছের এক খামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম মাসুদ পাটোয়ারী (৩৫)। শনিবার ভোরে আলাইয়ারপুর ইউনিয়নের রামপুরা এলাকার বাড়ির পাশে খামারে তার লাশ পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসার ও সুমন। এর আগে বাবুল ও রহমান আরো দুজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের বলেন, মাসুদ বাড়ির পাশের খামারে রাতে পাহারায় ছিলেন। সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
নিহতের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খানের ধারণা, মাছ ধরতে বাধা দেওয়ার এ হত্যাকাণ্ড ঘটেছে।
বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম জানান, হত্যাকারীরা কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
দুপুরে নিহতের মা শামসুন্নাহার বাদি হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফণী ভূষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৪৫৩ ঘ.
bdnews24