সাতক্ষীরা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই সাতক্ষীরায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
শুক্রবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, কপোতাক্ষ ও বেতনা নদী যথাসময়ে খনন করা হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।
"সাতক্ষীরার মানুষকে বাঁচাতে হলে কপোতাক্ষ, বেতনা নদী এবং নদী সংলগ্ন খালগুলি খননের কোনো বিকল্প নেই," যোগ করেন মন্ত্রী।
স্থানীয় এই সংসদ সদস্য দুপুরে দেবহাটা উপজেলার বন্যা কবলিত সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
রুহুল হক বলেন, সাতক্ষীরার বন্যার চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দুর্গতদের সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এরপর তিনি আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া ব্যক্তিগত তহবিল থেকে নিজের নির্বাচনী এলাকা দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান খান তার সঙ্গে ছিলেন।
দুর্গত এলাকা ঘোষণার দাবি
এদিকে এলাকার সুধী সমাজের এক মতবিনিময় সভায় সাতক্ষীরাকে দুর্গত এলাকা ঘোষণা, পানি নিষ্কাশন এবং মানুষ বাঁচানোর দাবি জানানো হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে এই সভায় বক্তারা বলেন, সদর ও তালা উপজেলাসহ জেলার অধিকাংশ এলাকা এক মাসের বেশি সময় ধরে পানির নিচে। এক লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠতে পারলেও পাঁচ লক্ষাধিক মানুষ রাস্তার পাশে, বেড়িবাঁধের ওপরে এবং ভেঙে যাওয়া বাড়িতে পানির মধ্যে বসবাস করছে।
জেলা প্রশাসনের বরাত দিয়ে সভায় জানানো হয়, জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা ধরা হয়েছে ৬৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাকে। দুর্গত মানুষের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৪৪। তাদের একমাসে (২০ জুলাই থেকে ১৮ অগাস্ট পর্যন্ত) মাত্র ৭২৮ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ২৮ হাজার টাকা, ২৫০টি প্লাস্টিক শিট এবং ৭৮টি তাঁবু দেওয়া হয়।
গত এক সপ্তাহে এসব এলাকায় সাপের কামড়, ডায়রিয়া, নিউমোনিয়া এবং পানিতে ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলেও সভায় জানানো হয়।
তারপরও সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা।
প্রবীণ আইনজীবী আব্দুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সাধারণ সম্পাদক মোচ্ছেরুল হক জ্যোতি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আব্দুল বারী, এম কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, সিপিবি নেতা আবুল হোসেন, বাসদের নিত্যানন্দ সরকার, আশরাফুল ইসলাম খোকন, এনজিও কর্মকর্তা মাধব চন্দ্র দত্ত ও ওয়ার্কার্স পাটি নেতা ফাহিমুল হক কিসলু এই আলোচনা সভায় অংশ নেন।
সভায় আব্দুর রহিমকে আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা নাগরিক কমিটি গঠন করা হয়।
সাতক্ষীরাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন, রোববার সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং ২৪ অগাস্ট মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সভা থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24