২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাচ্ছে না বিএনপি

সংসদের চলতি অধিবেশনেও যোগ দিচ্ছে না বিএনপি। তাদের ভাষায়, আইনসভার পরিবেশের আরো অবনতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনেও যোগ দিচ্ছে না বিএনপি। তাদের ভাষায়, আইনসভার পরিবেশের আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার সংসদের দশম অধিবেশন শুরুর পরপরই এক সংবাদ সম্মেলনে এতে যোগ না দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সংসদ সদস্য মওদুদ মতিঝিলে তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "সংসদের বর্তমান অধিবেশনে আমরা যোগ দিচ্ছি না। সংসদে যোগ দেওয়ার এমনিতেই পরিবেশ নেই। সরকারের কারণে পরিবেশের আরো অবনতি ঘটেছে।" সংসদের নবম অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিলো। 'পরিবেশ নেই'- অভিযোগ করে এর আগের কয়েকটি অধিবেশনেও যোগ দেয়নি তারা। বর্তমান সংসদে এ পর্যন্ত নয়টি অধিবেশনে কার্যদিবস ছিলো ২৩৭ দিন। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৫১ দিন। দশম অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। মওদুদ বলেন, "বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের, তারেক রহমানকে ২১ আগস্টের মামলায় জড়ানো, ১৩ জন আইনজীবীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ইত্যাদি মিলে পরিবেশকে আরো অবনতিশীল করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩৭ ঘ.