২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক উন্নয়নের ফিরিস্তি চেয়েছে হাইকোর্ট

দুর্ঘটনা এবং বেহাল মহাসড়ক নিয়ে জন অসন্তোষের প্রেক্ষাপটে গত পাঁচ বছরে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংস্কারে সর্বমোট বরাদ্দ এবং ব্যয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা এবং বেহাল মহাসড়ক নিয়ে জন অসন্তোষের প্রেক্ষাপটে গত পাঁচ বছরে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং সংস্কারে সর্বমোট বরাদ্দ এবং ব্যয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এবং যোগাযোগ সচিবকে ১৬ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে। বর্তমানে সর্বসাধারণের চলাচলের জন্য সড়ক উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রতিবেদনে তাও উল্লেখ করতে হবে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মো. নুরুজ্জামানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সারাদেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংবিধিবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ব্যর্থতার কারণে যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে হাইকোর্ট। দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করতে না পারা কেন বেআইনী, অকার্যকর ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও আদালতকে জানাতে হবে। যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান, সড়ক ও জনপথ প্রধান প্রকৌশলী, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের চেয়ারম্যান, আইজিপি, ডিআইজি (হাইওয়ে), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের (এআরআই) পরিচালককে ছয় সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। সড়কপথে যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে দায়ের একটি রিট আবেদনের পর হাইকোর্ট এ আদেশ দেয়। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান সম্পাদক আশফাক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার পরদিন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) চারটি প্রতিষ্ঠান এই রিট আবেদন করে। বুধবার রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। এ বিষয়ে শুনানির জন্য ১৮ অক্টোবর দিন রাখা হয়েছে। আরেকটি রুল ২০১০-১১ সালে সড়ক দুর্ঘটনায় হতাহতের যেসব ঘটনা ঘটেছে, সেসব বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে কেন প্রতিবেদন দিতে বলা হবে না তার কারণ জানতে চেয়ে আরেকটি রুল দিয়েছে আদালত। ছয় সপ্তাহের সধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও পুলিশের উপ মহাপরিদর্শককে (হাইওয়ে) এর জবাব দিতে হবে। গত ১৫ অগাস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত 'সড়ক নিরাপত্তা উপেক্ষিত' শীর্ষক একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত ২০০৯, ১০ ও ১১ সালে দেওয়া লাইসেন্স সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে যোগাযোগ সচিব, সড়ক ও জনপথ অধিদপপ্তরের চেয়ারম্যান এবং বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, নৌমন্ত্রীর চাপে ২০০৯ সালে ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছিল পরীক্ষা ছাড়া, এবার চাওয়া হয়েছে সাড়ে ২৪ হাজার। বিআরটিএ চেয়ারম্যানকে ২০১০ সালের দুর্ঘটনার সমস্ত প্রতিবেদন তৈরি, এ সংক্রান্ত সুপারিশসহ ১৬ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিভাগের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক কিংবা তার প্রতিনিধিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/০০৪৭ ঘ.