ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ২৪ অগাস্ট আদেশ দেবে হাইকোর্ট।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এই আদেশের দিন পুনর্র্নিধারণ করেন।
জামায়াত নেতার আইনজীবী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক বলেন, "আজ (মঙ্গলবার) আদেশের দিন ধার্য ছিলো। তা আগামী ২৪ অগাস্ট পুনর্র্নিধারণ করা হয়েছে।"
সুপ্রিম কোর্টের আদেশে সরকার সম্প্রতি সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার পর গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে।
ওই বক্তব্যের কারণে একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুলাই আজহারকে তলব করে হাইকোর্ট। আদালতের আদেশে ৮ অগাস্ট হাইকোর্টে হাজির হন আজহারুল ইসলাম।
ওইদিন বক্তব্য শোনার পর একটি রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ। আদালত অবমাননার অভিযোগে আজহারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে আজাহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
৯ অগাস্ট এক সম্পূরক আবেদনে 'আজহারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না'- এই মর্মে আরেকটি রুল জারি করে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্দশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সুপ্রিম কোর্টের নিবন্ধককে এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০১২৭ ঘ.
bdnews24