ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের বহরে চারটি নতুন লোকোমোটিভ বা রেল ইঞ্জিন যুক্ত হয়েছে। সেপ্টেম্বরে যুক্ত হবে আরো পাঁচটি।
মঙ্গলবার কমলাপুর রেল রেলস্টেশনে নতুন আমদানিকৃত লোকোমোটিভ উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক আবু তাহের ।
ঢাকা থেকে চট্টগ্রামগামী রেলসার্ভিস সুবর্ণ এক্সপ্রেসে আজ নতুন একটি লোকোমোটিভ সংযোজন করা হয়। সংযোজন শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে সেটি ছেড়ে যায়।
অনুষ্ঠানে রেলওয়ে মহাপরিচালক বলেন, এসব ইঞ্জিন দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। এর পাশাপাশি আরও পাঁচটি লোকোমোটিভ আসবে সেপ্টেম্বরে। লোকোমোটিভগুলো দিয়ে নতুন সার্ভিস চালু করা হবে। রেলওয়ের নিজস্ব কারখানায় যাত্রীবাহী কোচ তৈরির কাজ চলছে।
এ সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের ২৪৬টি লোকোমোটিভ এবং দেড় হাজার কোচ রয়েছে। আরো ৩০০টি মিটারগেজ কোচের সংস্কার প্রকল্প চলছে। লোকাল, আন্তঃনগর, মেইল, কমিউটার যাত্রীবাহী ও মালবাহী সার্ভিস মিলে দৈনিক ৩১০টি ট্রেন বর্তমানে চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬৪৫ ঘ.
bdnews24