২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান নিয়ে ট্রেনে ঝাঁপ এবার মৌলভীবাজারে

হবিগঞ্জের ঘটনার পরদিনই পাশের জেলা মৌলভীবাজারে ট্রেনের নিচে সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

মৌলভীবাজার, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের ঘটনার পরদিনই পাশের জেলা মৌলভীবাজারে ট্রেনের নিচে সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। নিহত রুমা বেগম (৩২) কমলগঞ্জের রামেশ্বরপুর গ্রামের লেচু মিয়ার স্ত্রী। তার দুই বছর বয়সি সন্তান রায়হানও মারা গেছে। শমসেরনগরের স্টেশন মাস্টার মো. শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুমা ছেলেকে কোলে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়েন। শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার ওসি ওবায়দুর রহমান জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রুমার বড় বোন রোকেয়া বেগম দাবি করছেন, স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে রুমা আত্মহত্যা করেছে। তবে লেচু মিয়া দাবি করছেন, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লেচু সাংবাদিকদের বলেন, "রাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল ৯টার দিকে ঘুম ভেঙে দেখি স্ত্রী-সন্তান পাশে নেই। পরে ১০টার দিকে লোকমুখে খবর পেয়ে স্টেশনে গিয়ে আমার স্ত্রী-সন্তানের লাশ সনাক্ত করি।" সালিশে সমাজচ্যুত করার পর সোমবার হবিগঞ্জে চার সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এক নারী। এতে ওই নারী ও দুই সন্তান মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬১০ ঘ.