ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে একটি বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ওই বাড়ির ছয় ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেরেজা মণ্ডল নামের ওই বৃদ্ধা শাহজাদপুরের ৫৭/৪ নম্বর বাসার মালিক। তিনতলা ভবনের দোতলার একটি কক্ষে তিনি একা থাকতেন। সোমবার শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, সন্ধ্যার পর ঘরের দরজা খোলা দেখে আশেপাশের বাসার ভাড়াটিয়ারা ভেতরে ঢুকে দেখেন, বৃদ্ধা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
"প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে," বলেন তিনি।
ওসি শাহ আলম জানান, বাসা থেকে মালামাল খোয়া যাওয়ার কোনো চিহ্ন তারা পাননি। প্রতিবেশীদের কেউ কেউ বলেছেন, বৃদ্ধার গলায় একটি সোনার চেইন ছিল। কিন্তু লাশের গলায় তেমন কিছু পাওয়া যায়নি।
তেরেজা মণ্ডল এক সময় নার্স হিসেবে কাজ করতেন জানিয়ে ওসি বলেন, "দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে একাকি জীবন যাপন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১৩৫ ঘ.
bdnews24