ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনককে হারানোর ৩৬তম বছরে শোকাবহ পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে বাংলাদেশ।
শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয় এবারের ১৫ অগাস্ট। সংবিধানে জাতির জনকের স্বীকৃতি দেওয়ার পর এবার ভিন্ন আবহে পালিত হয় জাতীয় এ শোক দিবস। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য সরকার সোমবার ছুটি ঘোষণা করে।
১৯৭৫ সালের এই দিনের ভোররাতে সেনাবাহিনীর একদল উচ্চাভিলাষী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১ বছর ধরে রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দিনের স্মরণে কোনো আয়োজন ছিল না। আওয়ামী লীগ অভিযোগ করে থাকে, উল্টো বঙ্গবন্ধুকে মুছে ফেলার সব চেষ্টাই চালিয়েছিলেন তার উত্তরসূরি দেশশাসকরা।
১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৫ অগাস্ট রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়।
বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ও প্রধান বিরোধী দল বরাবরের মতোই এদিনে কোনো শোক কর্মসূচি দেয়নি। তারা ১৫ অগাস্টের প্রথম প্রহরে দলীয় প্রধান খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে। আওয়ামী লীগ মনে করে 'বিতর্কিত' এই জন্মদিন পালনের মধ্য দিয়ে খালেদা জিয়া দৃশ্যত অগাস্ট হত্যাকাণ্ড উদযাপন করে থাকেন। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা হত্যাকাণ্ডের পেছনে খালেদার স্বামী প্রয়াত জেনারেল জিয়াউর রহমানের ইন্ধন রয়েছে বলে বিশ্বাস করেন।
নিহত হয়েছিলেন যারা
৩৬ বছর আগে এইদিনে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর সদস্যরা।
সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল।
অর্ধনমিত পতাকা, সব স্তরের মানুষের শ্রদ্ধা
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিপরিষদের সদস্যরা সেখানে ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাদের নিয়ে আবার ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাবার প্রতিকৃতিতে ফুল দিয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে ঢোকেন শেখ হাসিনা। দোতলায় ওঠার সিঁড়িতে বঙ্গবন্ধুকে যে স্থানে গুলি করা হয়েছিলো, সে স্থানটিতে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিয়ে দোয়া ও মোনাজাত করেন দু'বোন। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
কেন্দ্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়। এরপর জাসদও ফুল দেয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
শেখ হাসিনা ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা বনানী গোরস্থানে ১৫ অগাস্ট নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুন সুর।
শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদির পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন হাসিনা ও রেহানা। এরপর রেহানাকে সঙ্গে নিয়ে তিনি ফাতেহাপাঠ করেন এবং ১৫ অগাস্টের শহীদদের প্রতি বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ বিভাগ ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
সমাধি সৌধ কমপ্লে
bdnews24