২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল নয়, মনমোহনকে স্বাগত জানাবে বিএনপি

মনমোহন সিংয়ের সফরের আগে হরতালের হুমকি দেওয়ার পরদিনই বিএনপি বলেছে দলটি ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরের আগে হরতালের হুমকি দেওয়ার পরদিনই বিএনপি বলেছে দলটি ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় বলেন, "আগামী ৬ সেপ্টেম্বর মানমোহন সিংয়ের ঢাকা সফরে আসছেন। আমরা তার এ সফরকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে। "আশা করবো, তার সফরের মাধ্যমে আমাদের মধ্যকার অমীমাংসিত সমস্যার সমাধান আসবে।" পাশাপাশি ট্রানজিট, তিস্তার পানি বণ্টনসহ সম্ভাব্য সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ফখরুল। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের (এনডিএল) উদ্যোগে রাজনীতিবিদ আনোয়ার জাহিদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, দুই দেশের মধ্যে যেসব চুক্তি হবে তার খসড়া আগেই প্রকাশ করতে হবে। তা না হলে মনমোহনের ওই সফরের সময় হরতাল দেওয়া হবে। ফখরুল বলেন, "বিশ্বায়নে এই যুগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অবশ্যই বাংলাদেশের সুসস্পর্ক গড়ে তুলতে হবে। তবে ওই সম্পর্ক হতে হবে পারস্পরিক সমতার ভিত্তিতে।" "গঙ্গা-তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টন, তিন বিঘা করিডোর, সমুদ্র সীমা চিহ্নিতকরণ, সীমান্তে মানুষ হত্যা, বানিজ্য বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সমস্যার সমাধান করণীয় বিষয়ে জাতীয়ভাবে আলোচনা করা গেলে সরকারের হাত শক্তিশালী হতো। কিন্তু সরকার তার নতজানু দৃষ্টিভঙ্গির কারণে তা করেনি," যোগ করেন তিনি। ট্রানজিট সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে- এই ট্রানজিট চুক্তিতে বাংলাদেশের কী লাভ হবে, জনগণ কী পাবে তা পরিষ্কারভাবে জানাতে হবে।" যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, "তিনি পদ্মা, মেঘনা, উড়াল-পাতাল ট্রেনে মতো বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। আমাদের সড়কগুলোতে একটি গাড়ি চলাচল করতে পারে না, সেদিকে তার নজর নেই।" মির্জা ফখরুল এনডিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত নেতা আনোয়ার জাহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। এনডিএল চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলামসহ সমমনা দলের নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/১৬২৩ ঘ.