ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী ও শেরপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নরসিংদীতে মারা গেছেন তিন মোটর সাইকেল আরোহী।
সৈয়দনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শক্তি দাস হাওলাদারকে উদ্ধৃত করে আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
তারা হলেন- ওয়াসিম (২৪), লোকনাথ (২০) ও নিমু (২১)। তারা নরসিংদীর বানিয়াছল ও ভূয়াকুড় এলাকার বাসিন্দা।
শক্তি দাস জানান, ভৈরব থেকে নরসিংদী যাওয়ার পথে কুন্দারপাড়ায় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিন জন মারা যান। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এ ছাড়া পিকআপ ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যুর খবর দিয়েছেন শেরপুর প্রতিনিধি।
দুুপুরে শেরপুর-ঢাকা সড়কের তারারকান্দি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল (৯) সদর উপজেলার চক কামারিয়া গ্রামের আরমুজ আলীর ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনসার আলী জানান, দুপুর ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২০ ঘ.
bdnews24