২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহ পর চায়ের নিলাম শুরু

দুই সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে চায়ের সাপ্তাহিক নিলাম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে চায়ের সাপ্তাহিক নিলাম শুরু হয়েছে। মঙ্গলবার টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে'র (টিটিবি) আগ্রাবাদ কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম মূল্যের ওপর অতিরিক্ত পাঁচ শতাংশ উৎসে কর (এআইটি-অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) বাড়ানোর সিদ্ধান্তের কারণে চা ক্রেতারা গত দুই সপ্তাহ নিলামে অংশ নেওয়া থেকে বিরত ছিলো। সারাদেশের মোট ১৬৩টি চা বাগানের উৎপাদিত চা প্রতি মঙ্গলবার টিটিবি কার্যালয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। প্রায় আড়াইশ ক্রেতা চা'র নিলামে অংশ নেয়। বছরে ৫২ সপ্তাহের মধ্যে ৪৫ সপ্তাহ এই নিলাম অনুষ্ঠিত হয়। টিটিবি'র সচিব আহমেদুল হক চৌধুরী জানান, প্রায় ১১ লাখ ২২ হাজার কেজি চা নিলামের জন্য আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাঁচ শতাংশ উৎস কর আরোপের বিষয়টি সরকার স্থগিত করেছে। এ বিষয়টি জানার পর ক্রেতারা নিলামে অংশ নিয়েছেন। "তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন আদেশ পাইনি", বলেন তিনি। পূর্ব বাংলা টি ব্রোকারের পরিচালক আরিফুর রহমান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী পাঁচ শতাংশ উৎস করের বিষয়টি এক মাসের জন্য স্থগিত করার মৌখিক নির্দেশ দিয়েছেন। "এ কারণে নিলামকারীরা আজ (মঙ্গলবার) নিলামে অংশ নিয়েছে।" চা ক্রেতারা নিলামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং পরবর্তীতে আরো ২ শতাংশ বিক্রয় কর প্রদান করে থাকে। নতুন করে নিলাম মূল্যের ওপর অতিরিক্ত পাঁচ শতাংশ উৎস কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। আরিফুর রহমান শাহীন জানান, মঙ্গলবার ভালো মানের প্রতি কেজি চায়ের নিলাম মূল্য ছিলো ১৭৫ টাকা থেকে ১৮২ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৩৪ ঘ.