জয়পুরহাট, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাটির দেয়াল চাপায় মেহেদি হাসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদির বাবা এমদাদুল হক সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে অবিরাম বৃষ্টিপাতের ফলে তাদের বাড়ির মাটির দেয়াল দূর্বল হয়ে হেলে পড়ে। শনিবার দুপুরে ওই দেয়ালের পাশে খেলার সময় দেয়ালটি মেহেদির ওপর ভেঙে পড়ে।
সঙ্গে সঙ্গে মেহেদীকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃতুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24