ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক কর্মী শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী শুক্রবার।
তার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নানা কর্মসূচি পালন করছে। সকালে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পরে বনানী গোরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বিকালে আবাহনী ক্লাব চত্বরে আলোচনা সভা, শেখ কামাল স্বর্ণপদক বিতরণ ও লীগ চ্যাম্পিয়ন আবাহনী ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালে ১৫ অগাস্ট ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক বাড়িটিতে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে সর্বপ্রথম প্রাণ দেন তিনি।
শেখ কামাল ঢাকার শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন।
১৯৭১'র ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগেই বাড়ি থেকে চলে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শেখ কামাল। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং যুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পুনরায় উচ্চ শিক্ষায় মনোনিবেশ করেন।
শেখ কামাল ছায়ানটে সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন 'স্পন্দন শিল্পী গোষ্ঠী'। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন শেখ কামাল। ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। মৃত্যুর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১২৫০ ঘ.
bdnews24