ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর উক্তি নিয়ে শুনানিতে আদালতের ভূমিকাকে 'রাজনৈতিক' আখ্যায়িত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সংশ্লিষ্ট বিচারপতির উদ্দেশে বলেছেন- রাজনীতি করতে চাইলে তার পদত্যাগ করে 'মাঠে' আসা উচিৎ।
বুধবার ১৩ আইনজীবীদের বিষয়ে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত আদেশের পর নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুব বলেন, "বিচারপতির আসনে বসে কেউ কোনো রাজনৈতিক রায় দিতে পারেন না। রাজনীতি করতে চাইলে পদত্যাগ করে মাঠে আসুন। আমরা কোনো বাধা দেবো না।"
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানির সময় আদালতে মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একই ধরনের মন্তব্যের প্রসঙ্গ উঠলে বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ শুরু করেন। এ সময় সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।
এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। এতে ১৩ আইনজীবীকে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয় এবং তাদের আদালতে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে খন্দকার মাহবুব বলেন, "আমরা শুনেছি, ১৩ আইনজীবীকে আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে।"
দেশে বিরাজমান সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নিতে এ রকম আদেশ দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শুধু আদালত নয়, সারা দেশেই অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।
"গতকাল একজন বিচারপতি একটি রাজনৈতিক আদেশ দিয়েছেন। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত রাখতে। এ বিষয়ে আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখাও করেছি।"
আমিনীর বক্তব্য নিয়ে মামলার শুনানির আদেশে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ জানায়, সংবিধান ছুড়ে ফেলার কথা বলে 'আমিনির সমান অপরাধ' করলেও 'সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে' খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়নি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। গত ১৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক অনুষ্ঠানে বলেন, তার দল ক্ষমতায় গেলে এই সংশোধনী ছুড়ে ফেলা হবে।
এর পরদিন চার দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে।
এ বিষয়ে মঙ্গলবার আদালতের আদেশের পর্যবেক্ষণে বলা হয়, যারা এ ধরনের বক্তব্য দেয় তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। সংবিধানের একটা অংশের সমালোচনা করা আর সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া এক বিষয় নয়।
এই আদেশকে 'রাজনৈতিক' আখ্যায়িত করে বিএনপি সমর্থক আইনজীবী নেতা খন্দকার মাহবুব বলেন, "গতকাল এক বিচারপতি রুলের বাইরে গিয়ে অযথা রাজনৈতিক বক্তব্য দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এখানে অযথা উস্কানি দেওয়া হয়েছে।"
সুপ্রিম কোর্ট 'রাজনৈতিক জায়গা নয়' মন্তব্য করে মাহবুব বলেন, "যিনি এ ধরণের উগ্র আচরণ করছেন, তিনি সহিষ্ণুতা বজায় রাখবেন বলে আমরা আশা করি।"
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ
মঙ্গলবারেরর ঘটনা নিয়ে আলোচনা করতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যরিস্টার এম আমিরুল ইসলাম, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট শ ম রেজাউল করিমসহ সরকার সমর্থক আইনজীবীদের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
বৈঠক শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, "প্রধান বিচারপতিকে আমরা বলেছি, বিশৃঙ্খলা ও অস্থিরতার কারণে আর যেন আদালতে বিচারিক কার্যক্রম ব্যহত না হয়।"
জবাবে প্রধান বিচারপতি উভয় পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে বসে সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন বলে রেজাউল করিম জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল, সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ, ব্যরিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিরোধী দল সমর্থক আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান দুপুর সোয়া ২টার দিকে।
প্রধান বিচারপতির কার্যাল থেকে বেরিয়ে এসে খন্দকার মাহবুব হোসেন বলেন, "আমরা তাকে মঙ্গলবারের ঘটনা জানিয়েছি। ওই বেঞ্চ পুনর্গঠনের আবেদন জানিয়েছি।"
বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯৩৭ ঘ.
bdnews24