বগুড়া, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের কনস্টেবল ও তার স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- নওগাঁ পুলিশ লাইনের কনস্টেবল আজমল হোসেন (৩০) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৪)। আজমল শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার লুৎফর রহমান ঠান্ডা মিয়ার ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আজমল ও তার স্ত্রী নিলুফা মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে বগুড়া আসছিল। চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আজমল ও নিলুফা মারা যান।
পুলিশ খবর পেয়ে তাদের লাশ থানায় নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24