মাগুরা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে হয়রানী ও 'অর্থ আদায়ের' অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে একটি আদালত।
মামলার আসামিরা হলেন- মহম্মদপুরের বাবুখালী পুলিশ ফাড়ির ইনচার্জ ওবায়দুর রহমান, মহম্মদপুর থানার এসআই ইলিয়াস হোসেন, একই থানার এএসআই ইসমাইল হোসেন ও বাবুখালি বাজারের ব্যবসায়ী ফিরোজ (২২)।
ভাইকে হয়রানী ও মোটা অংকের 'অর্থ আদায়ের' অভিযোগে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে মামলাটি করেন বাবুখালি বাজারের এনামুল কবির নামে এক ব্যবসায়ী।
ম্যাজিস্ট্রেট সোহানী পুষণ মামলার বিষয়টি বিচারিক তদন্তের নির্দেশ দেন মঙ্গলবার।
বাদী পক্ষের আইনজীবী স্বপন কুমার দাস জানান, গত ১৫ জুন বাবুখালী বাজারে ফিরোজ হোসেনের কাপড়ের দোকানে চুরি হলে হয়রানির উদ্দেশ্যে অভিযুক্তরা বাদি এনামুল কবিরের ছোট ভাই তুষার মল্লিককে বাবুখালী পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে আসে।
"এ সময় বাদি তার আটকের কারণ জিজ্ঞাসা করতে ফাঁড়িতে আসলে ফাঁড়ি ইনচার্জ ওবায়দুর রহমান ও পুলিশ ফাঁড়ির দালাল হিসেবে চিহ্নিত ব্যবসায়ী ফিরোজ তার ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে দেড় লাখ টাকা দাবি করে ও ভয়ভীতি দেখিয়ে ১৭ জুন ৫ হাজার টাকা আদায় করেন।"
স্বপন বলেন, এ সময় তারা বাদিকে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয় ও যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া টাকা দেবার কথা জানিয়ে দেয়। কিন্তু বাদি পরর্বতীতে টাকা দিতে না পারায় ২১ জুন তার ভাই তুষারকে মহম্মদপুর থানায় ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে এসআই ইসমাইল ও ইলিয়াস তাকে বেদম মারপিট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৬ ঘ.
bdnews24