ঝিনাইদহ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ভিকারুন্নিসা নূনের শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পর এবার ঝিনাইদহের একটি স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে 'অশালীন' ও 'আপত্তিকর' আচরণের অভিযোগ ওঠেছে।
গত ১৫ জুলাই ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের নয় শিক্ষার্থী গণিতের শিক্ষক বিধান চন্দ্র রায়, ব্যবসায় শিক্ষার সুশীল কুমার বিশ্বাস ও ইংরেজির সুলতান কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এতে বলা হয়, প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক বিধান চন্দ্র রায় ওই ছাত্রীদের সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণ ছাড়াও তাদের গায়ে হাত দিয়েছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা হক বলেন, ছাত্রীদের আনা অভিযোগ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালককে জানিয়েছেন। ২১ জুলাই উপ-পরিচালক ঝিনাইদহে এসে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইদুর রহমান ও সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এবাদুল ইসলামকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন। পরে অভিযোগকারী ছাত্রী ছাড়াও আরো ৪০ ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর জানান, তদন্ত প্রতিবেদন উপ-পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। তবে অপর দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ জোড়ালো নয়।
অভিযুক্ত শিক্ষক বিধান চন্ত্র রায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০২ সাল থেকে এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন। শিক্ষকসুলভ আচরণের বাইরে তিনি কোনো আচরণ করেন নাই।
"কেউ হয়তো আমার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে এমন অভিযোগ করিয়েছেন।"
এ প্রসঙ্গে সাইদুর বলেন, সাক্ষ্য গ্রহণের সময় ছাত্রীদের জিজ্ঞাসা করা হয়েছিলো তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে বিধান চন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে কিনা। জবাবে ছাত্রীরা নিজেদের ইচ্ছায় অভিযোগ করার কথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০১০ ঘ.
bdnews24