শেরপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরির ঘটনা লুকাতে ডাকাতির একটি ঘটনা সাজাতে গিয়ে এক মহিলা ধরা পড়েছেন বলে জানিয়েছে শেরপুর পুলিশ।
গ্রেপ্তার নাসরিন নাহার থাকেন নকলা উপজেলার বাজারদি এলাকার একটি বাড়িতে। বাড়ির মালিক সোনালি ব্যাংকে কর্মরত মানিক মিয়ার ঘরে চুরি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নকলা থানার ওসি একেএম ফসিউর রহমান জানিয়েছেন।
পুরো ঘটনাটি ঘটেছে রোববার সকাল থেকে দুপুরের মধ্যে।
পুলিশ কর্মকর্তা ফসিউর বলেন, সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় বাসার চাবি ভাড়াটে নাসরিনের কাছে রেখে যান মানিক মিয়া। দুপুরের দিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়।
ওসি বলেন, কিছু স্বর্ণালঙ্কার খেয়ার বিষয়টি নজরে এলেও ডাকাতির কোনো আলামত না পেয়ে পুলিশের সন্দেহ হয়। তখন জেরার মুখে নাসরিন স্বীকার করেন, তিনি চুরি করেছেন।
নাসরিক মালিকের ঘরে ঢুকে ওয়ার্ডরোব থেকে চাবি নিয়ে আলমারি খুলে তিনটি সোনার চেইন, একটি আংটি এবং নগদ সাড়ে ৩ হাজার টাকা চুরির কথা স্বীকার করে, যা পরে তার ঘরের বিছানার নিচে পাওয়া যায় বলে ওসি জানান। পুলিশ তা জব্দ করেছে।
পুলিশ জানায়, মানিকের স্ত্রী ছিলেন ময়মনসিংহে। বাসায় এক জন গৃহকর্মী থাকায় তালা মেরে চাবি ভাড়াটেকে দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নাসরিন ডাকাতির ঘটনা সাজাতে ওই মেয়েকে ছল করে দোকানে পাঠায়।
এ ঘটনায় মানিক বাদি হয়ে একটি মামলা করেছেন বলে নকলা থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন জানান।
নাসরিনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামে। তার স্বামী রিয়াজউদ্দিন ঢাকায় থাকেন। স্বামীর বাড়ী শেরপুরের নকলা উপজেলার লয়খা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.
bdnews24