ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার জন্য উপকূলীয় ছয়টি উপজেলার জেলেদের ১০টি ফাইবার গ্লাসের নৌকা দিয়েছে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
শনিবার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান সাভারের তাড়াতাড়ি শিপইয়ার্ড চত্বরে ৩০ জন জেলের মধ্যে নৌকাগুলো হস্তান্তর করেন।
মৎস্য অধিদপ্তর ও এফএও'র যৌথ উদ্যোগে চলমান একটি প্রকল্পের আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের খাদ্য নিরাপত্তা, পুষ্টির মানোন্নয়ন এবং দারিদ্রতা কমাতে জেলেদের মধ্যে এসব নৌকা বিতরণ করা হয়।
উপকূলীয় এলাকা বাউফল, দশমিনা, দৌলতখান, তজুমুদ্দিন, বেতাগী এবং ভেদরগঞ্জ উপজেলার জেলেরা এই নৌকাগুলো পেয়েছেন। পালাক্রমে এই জেলেরা মেঘনা, তেঁতুলিয়া, ইছামতি, বিষখালী এবং পশুর নদীর গভীর এলাকায় মাছ ধরতে এ নৌকা ব্যবহার করবেন।
এরআগেও এ প্রকল্পের আওতায় আরো ১৫টি নৌকা বিতরণ করা হয়। এ ১০টি নিয়ে ১০ উপজেলার ১৭৫ জন জেলের জন্য মোট ২৫টি ফাইবার গ্লাসের নৌকা বিতরণ করা হলো।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও এফএও'র তত্ত্বাবধানে এ সহায়তামূলক প্রকল্পের কার্যক্রম শুরু করে মৎস্য অধিদপ্তর।
এ প্রকল্পের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বাড়িয়ে ৮৫ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের খাদ্য নিরাপত্তা, পুষ্টির মানোন্নয়ন এবং দারিদ্রতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন এফএও-ইইউএফএফ প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান।
তিনি জানান, প্রতিটি নৌকার দৈর্ঘ্য ৩০ ফুট। মালামাল ছাড়াই এটির স্বাভাবিক ওজন ৫৬৫ কেজি। এক হাজার ৫০০ থেকে দুই হাজার কেজি পর্যন্ত হবে এর ধারণ ক্ষমতা। ১৬ হর্স পাওয়ার ইঞ্জিন ও ১৮ বর্গমিটার আয়তনের পাল নিয়ে এ নৌকা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮ কিলোমিটার চলতে পারবে।
এতে আরো রয়েছে রাডার রিফ্লেক্টর, রেডিও রিসিভার, লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং সৌর বিদ্যুতের প্যানেল।
এফএও'র বাংলাদেশ প্রতিনিধি ডোমিনিক বার্জিয়ন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ও তাড়াতাড়ি শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ইভস্ মারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/২০১২ ঘ.
bdnews24