২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমকে বিতর্কিত করেছেন প্রধানমন্ত্রী: শফিউল

নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শফিউল আলম প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী এ উদ্যোগকে বিতর্কিত করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শফিউল আলম প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী এ উদ্যোগকে বিতর্কিত করে দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে রোববার জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল বলেন, "আমরা আধুনিক প্রযুক্তির পক্ষে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সমর্থন না দেওয়া মানে পিছিয়ে যাওয়া। ইসির এ পদ্ধতি ব্যবহার করার উদ্যোগকে সবাই স্বাগত জানায়। কিন্তু প্রধানমন্ত্রী এ মহা উদ্যোগকে বিতর্কিত করে দিয়েছেন।" "স্থানীয় ও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির আগেই ছিলো। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিলেই তা বিরোধী পক্ষ থেকে প্রত্যাখ্যান হওয়া শুরু করে।" বিরোধী দলকে সংলাপে রাজি করাতে চিঠি চালাচালির বাইরে 'আনসিন' যোগাযোগ রক্ষারও পরামর্শ দেন বিএনপি'র সমমনা দলটির সভাপতি। তিনি বলেন, "ঘরে-বাইরে আলোচনা হতে পারে; রাস্তায় তো হতে পারে না। ইসি চাইলে আনসিন কোনো উদ্যোগ নিতে পারে।" বিএনপিকে তিন দফা সংলাপে আমন্ত্রণ জানালেও তাতে সাড়া দেয়নি দলটি। দুদফায় পেছানোর পর আগামী ৭ অগাস্ট নির্বাচন কমিশনৈর সঙ্গে আওয়ামী লীগের সংলাপসূচি রয়েছে। বিএনপি চাইলে এ সময়ের মধ্যে যে কোনো দিন সংলাপ করতে পারে বলে জানিয়েছে ইসি। সংলাপে জাগপা'র ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২৩০ ঘ.