২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার পানির দাম বাড়ছে

আগামী ১ অগাস্ট থেকে ঢাকা ওয়াসার পানির দাম পাঁচ শতাংশ বাড়ছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ অগাস্ট থেকে ঢাকা ওয়াসার পানির দাম পাঁচ শতাংশ বাড়ছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। অগাস্ট মাসের বিল পাওয়ার পর সেপ্টেম্বর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে ওয়াসার গ্রাহকদের নতুন হারে পানির বিল পরিশোধ করতে হবে। তাকসিম এ খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড প্রতি বছর পাঁচ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। সে অনুযায়ী পাঁচ শতাংশ হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ১ অগাস্ট থেকে তা কার্যকর হবে।" বর্তমানে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ৬ টাকা ৩৪ পয়সা। পাঁচ শতাংশ বাড়ালে ৩২ পয়সা বেড়ে প্রতি ইউনিট পানির দাম হবে ৬ টাকা ৬৬ পয়সা। পানি উৎপাদনে ওয়াসা যে ভর্তুকি দিচ্ছে পর্যায়ক্রমে তা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে দাম বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। এ নিয়ে বর্তমান সরকারের আমলে চতুর্থবার পানির দাম বাড়ছে। এর আগে ২০০৯ সালে একবার এবং গত বছর দুই দফা দাম বাড়ানো হয়। ২০০৯ সালে প্রতি ইউনিট পানির দাম ছিলো ৫ টাকা ৭৫ পয়সা। গত বছর প্রথম দফায় এক ইউনিট পানির দাম ৬ টাকা ৪ পয়সা ও পরে তা ৬ টাকা ৩৪ পয়সা করা হয়। ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক প্রায় ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে গড়ে ২১০ কোটি লিটার পানি উৎপাদন করে সরবরাহ করছে। এর মধ্যে ৯০ শতাংশ পানি ৫৮৭টি গভীর নলকূপ এবং ১০ শতাংশ পানি চারটি শোধনাগার থেকে সরবরাহ করা হয় বলে জানান ওয়াসার এমডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬৪০ ঘ.