চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের পরিবর্তে যাত্রী পরিবহন করায় নগরীর বিভিন্ন এলাকা থেকে পাঁচটি ছোট ট্রাক আটক ও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা ট্রাকের চালক ও হেলপার।
রোববার রাত ২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও বায়েজীদ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, সুজন, নুরুল ইসলাম, নুরুল আমিন, মো. মাহাবুব, মো. সুমন, মো. আলমগীর, মিজান ও হেলালুদ্দিন।
পাহাড়তলী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পণ্যের বদলে যাত্রী বহন করায় মোটরযান আইনে পাহাড়তলীর সাগরিকা, অলংকার মোড় থেকে চারটি ছোট ট্রাক আটক এবং তাদের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, মিরসরাইয়ের মতো কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ জন্য অভিযান চালানো হয়।
বায়েজীদ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম মিয়া জানান, বায়েজিদ বোস্তামী মাজারের সামনে থেকে রাত ৩টার দিকে একটি ট্রাক আটক এবং এর চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৮২৮ ঘ.
bdnews24