ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইমামগঞ্জে নির্মাণাধীন একটি মার্কেটের বেজমেন্টে আগুন লেগে একটি চটের গুদাম পুড়ে গেছে।
রোববার বিকাল ৫টার দিকে ইমামগঞ্জের নূরাণী সেন্টারে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
চকবাজার থানার উপ-পরিদর্শক ইফতেখার হোসেন (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গুদামের মালিক ফরিদ আলী নামের এক ব্যবসায়ী। আগুনে প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
ফায়ার ব্রিগেডের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, ওই গুদামের পাশে সুতা ও চটের আরেকটি গুদাম থাকলেও কোনো ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৮০৩ ঘ.
bdnews24